সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ভোটগ্রহণ সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৩৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সিটিতে মোট ১৩৪টি কেন্দ্র ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং নারী ভোটার এক লাখ ৫০ হাজার ২৮৮ জন। মেয়র প্রার্থী সাতজন।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা) ও বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এর বাইরেও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত সমর্থিত অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (ঘড়ি), সিপিবি-বাসদ মনোনীতি প্রার্থী আবু জাফর (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মোয়াজ্জেম হোসেন খান ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের (হরিণ)। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম আরিফুল হককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
মেয়র প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী সকাল ১০টার দিকে নগরের ঝেরঝেরিপাড়ার রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান একই সময়ে নগরের কালিঘাট এলাকার সিলেট সরকারি পাইলট স্কুলের কেন্দ্রে ভোট দেবেন। জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ভোট দেবেন দরগাহস্থ এলাকার জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে।
এছাড়াও সিপিবি-বাসদ মনোনীতি প্রার্থী আবু জাফর নগরের উপশহর এলাকার শাহজালাল উপশহর একাডেমি কেন্দ্রে ভোট দেবেন সকাল সাড়ে ৮টায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মোয়াজ্জেম হোসেন খান নগরের শিবগঞ্জ মনিপুরি এলাকার নবীন চন্দ্র সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ভোট দেবেন এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী এহসানুল হক তাহের সকাল ৮টায় ভোট দেবেন নগরের দাঁড়িয়াপাড়া এলাকার রসময় মোমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
জানা যায়, সিলেট সিটি করেপোরেশন ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত। হালনাগাদ ভোটার তালিকায় এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩০ হাজার ৬৮৬ জন ভোটার বেড়েছে। এ সিটিতে বর্তমানে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। ভোটার বাড়ায় এবারের সিটি নির্বাচনে ভোটকেন্দ্রও বাড়ানো হয়েছে ৭টি। এবারের সিটি নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে ১৩৪টি করা হয়েছে। গত নির্বাচনে ভোটকক্ষ ৮৯৬টি থাকলেও এবার বাড়িয়ে করা হয়েছে ৯২৭টি।








