সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটের ফলাফলে এগিয়ে থাকা বিএনপির আরিফুল হক চৌধুরী স্ত্রী ও মেয়েকে নিয়ে বদর উদ্দিন আহমদ কামরানের মাছিমপুরের বাসায় গেছেন। মঙ্গলবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে তিনি কামরানের বাসায় যান। এ সময় তার হাতে মিষ্টির প্যাকেট দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। কামরানের বাসায় আরিফ যাওয়ার খবর পেয়ে গণমাধ্যমকর্মীরাসহ স্থানীয় লোকজন ভিড় করছেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, ‘আরিফুল হক চৌধুরী গত সিটি নির্বাচনেও কামরান ভাইয়ের বাসায় গিয়ে দেখা করেন। মঙ্গলবার বিকালে কামরান ভাইয়ের বাসায় আরিফ ভাইয়ের সঙ্গে যান তার স্ত্রী শ্যামা হক ও তার মেয়ে সায়ইকা তাবাসসুম চৌধুরী।’
উল্লেখ্য, সিসিক নির্বাচনে ১৩২টি কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ হাজার ভোট। অপরদিকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। এর ফলে কামরানের চেয়ে ৪ হাজার ৬২৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আরিফ। যে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন সেখানে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৮৭।








