সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের সঙ্গে নিরাপত্তার দায়িত্ব পালন করছে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)। শনিবার (১১ আগস্ট) সকাল থেকে সিআরটির পৃথক দুটি টিমকে ভোট কেন্দ্রসহ নগরের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। যেকোনও ক্রাইসিস মোকাবেলায় স্পেশাল ট্রেনিংপ্রাপ্ত এই টিম কাজ করবে। শনিবার দুপুরে সিআরটি টিমের সদস্যদের ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে নিরাপত্তা দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সিআরটি টিমের কমান্ডার হিসেবে কাজ করছেন সিলেট মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে কোনও ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে সেজন্য সিআরটির পৃথক দুটি টিমকে মাঠে নামানো হয়েছে। এরমধ্যে একটি টিম কমান্ডো ট্রেনিংপ্রাপ্ত। যারা সম্প্রতি বিদেশে গিয়ে ট্রেনিং নিয়ে এসেছে।
পলাশ রঞ্জন দে বলেন, ‘স্পেশাল সিআরটি টিম যেকোনও নিরাপত্তাজনিত ক্রাইসিসে সেবা দিতে প্রস্তুত। এই টিমটি অনেকটা ‘সোয়াত’ টিমের আদলে গড়া হয়েছে। দেওয়া হয়েছে স্পেশাল কমান্ডো ট্রেনিং। বিভিন্ন ধরণের হামলা-মোকাবেলায় অত্যাধুনিক উন্নত প্রযুক্তির অস্ত্র ব্যবহারে পারদর্শী সিআরটি টিম। এমনকি শক্তিশালী বিস্ফোরক বিধ্বংসেও পারদর্শী এই টিম।’
উল্লেখ্য, গত ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনের ১৩৪টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় অনিয়মের কারণে দুপুরের দিকে গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এরপর সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফল ঘোষণা করে। ওই ফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী এগিয়ে আছেন ৪ হাজার ৬২৬ ভোটে। এরমধ্যে ১৩২টি কেন্দ্রে আরিফুল হকের প্রাপ্ত ভোট ৯০ হাজার ৪৯৬ ও আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রাপ্ত ভোট ৮৫ হাজার ৮৭০। এদিকে স্থগিত হওয়া ওই দুটিভোট কেন্দ্রে ভোট রয়েছে ৪ হাজার ৭৮৭।








