সুনামগঞ্জ ৫ (ছাতক-দোয়ারাবাজার)আসনে নির্বাচনি গণসংযোগ চলছে। এ আসনে চারবার নৌকা মার্কা, ধানের শীষ দুইবার ও জাপা তিনবার ও একবার স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়।একসময় আসনটি জামায়তের ভোট ব্যাংক হিসেবে পরিচিত থাকলেও বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সে ভোট ব্যাংকে ফাটল ধরিয়ে ছিলেন।
আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকায় গণসংযোগ করছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি মুহিবুর রহমান মানিক, আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শামীম আহমদ চৌধুরী ও বিএনপির থেকে গণসংযোগ করছেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
দেশের উত্তর-পূর্বাচঞ্চলের সীমান্ত ঘেষা জনপদ সুনামগঞ্জ ৫ আসন। এখানে রয়েছে শ্রমজীবী বিশাল জনগোষ্ঠি। জেলার একমাত্র শিল্পনগরী ছাতক এবং দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৫ আসনটি সিমেন্ট শিল্পের জন্য বিখ্যাত।এখানে রয়েছে দেশের সেরা সিমেন্ট ফ্যাক্টরি। এছাড়া রয়েছে বেশ কিছু ভারী শিল্প প্রতিষ্ঠান। ৬৮২ বর্গ কিলোমিটার আয়তনের এ আসনের বেশির ভাগ ভোটারই শ্রমজীবী ও কৃষিজীবী। তাদের প্রধান পেশা কৃষিকাজ ও মাছধরা। তবে এ আসনের মধ্যে দোয়ারাবাজার উপজেলা সবচেয়ে অবহেলিত জনপদ হিসেবে পরিচিত। সুরমা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত দোয়ারাবাজার উপজেলা সদর। এছাড়াও উপজেলার ইউনিয়নের সড়কগুলোর বেহাল দশা।
তবে ভোটারদের অভিযোগ এলাকায় ধীর গতিতে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হওয়ায় মানুষের দুর্ভোগ অনেক বেড়েছে। প্রত্যন্ত এলাকার সড়ক যোগাযোগ এখনো বেহাল দশায় থাকায় মানুষের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। দলীয় মনোনয়ন নিয়ে প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়েছে আওয়ামী লীগের মধ্যে। একারণে আসনটির তৃণমূলের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। বিভক্তির ধারা গ্রাম পর্যায়েও ছড়িয়ে পড়েছে। তবে এলাকায় গণসংযোগের দিকে অনেকটাই এগিয়ে রয়েছে বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। সম্প্রতি তার সমর্থনে নির্বাচনি এলাকার সমাবেশে বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী নৌকার সমর্থনে ভোট চেয়েছেন। গোটা নির্বাচনি এলাকা দুটি বলয়ে বিভক্ত একটি হলো কালাম গ্রুপ অন্যটি মানিক গ্রুপ।
ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ বলেন, ‘দলীয় মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকলেও কোনও বিভক্তি নেই। নেতাকর্মীরা সবাই নৌকার সমর্থনে ঐক্যবদ্ধ। বর্তমান সরকারের আমলে মুহিবুর রহমান মানিক এলাকায় যে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন তাই আগামী নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়ার কথা বলে।’
এ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক বলেন, ‘আমি দলীয়ভাবে ছয়বার মনোনয়ন লাভ করেছি। এবারও দল আমাকে মনোয়ন দেবে আমি বিশ্বাস করি। আমার অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড শেষ করতেই এ আসনের ভোটাররা আমাকে বিজয়ী করবেন বলে আমি আশা করি।’
অন্যদিকে শামীম আহমদ চৌধুরী বলেন,‘বর্তমান সংসদ সদস্যের প্রতি মানুষের কোনও আস্থা নেই। বিগত সময় দলের সহযোগিতায় এলাকায় যে উন্নয়ন হয়েছে, এতে স্থানীয় সংসদ সদস্যের কোনও অবদান নেই।’ এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,‘ছাতক দোয়রা বাজারের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থাশীল। এলাকার উন্নয়ন না হলেও সরকার দলীয় নেতাকর্মীদের উন্নয়ন হয়েছে। মানুষ এখন আরও আওয়ামী লীগকে বিশ্বাস করতে পারে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে সুনামগঞ্জ ৫ আসনে বিএনপি রেকর্ড পরিমাণ ভোট পেয়ে বিজয়ী হবে ‘








