সুনামগঞ্জে তাহের মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ দণ্ডাদেশ দেন। এছাড়া দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এডিশনাল পিপি অ্যাডভোকেট সৈয়দ জিয়াউল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তাহের মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ফরমানপুর গ্রামের তমুজ উদ্দিনের ছেলে। এই মামলায় মো. আব্দুল্লাহ, আব্দুল কদ্দুছ ও ইউনুছ মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়,‘২০১০ সালের ১৩ জুলাই সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্ট থেকে ২০০ গ্রাম হেরোইনসহ আসামিদের গ্রেফতার করে র্যাব-৯ এর একটি দল। ওই দিনই চারজনকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। ২১ অক্টোবর মামলাটি আমলে নেন আদালত। সোমবার দীর্ঘ শুনানি পর অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাহের মিয়াকে দোষী সাব্যস্থ করে এই রায় ঘোষণা করেন আদালত।








