সুনামগঞ্জের পাঁচটি আসনে ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন; এর মধ্যে রবিবার (২ ডিসেম্বর) যাচাই-বাছাইয়ের পর ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে পাওয়া তথ্য মতে, যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন—
সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা) বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল। উপজেলা চেয়ারম্যান পদে বহাল থাকায় তার মনোনয়নপত্র বাতিল কর হয়েছে। এছাড়া এই আসন থেকে এ কে এম ওহীদুল ইসলাম কবির (জাসদ) ও আমান উল্লাহ আমানের (জাকের পার্টি) মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) রুহুল আমীনের (জাতীয় পার্টি) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সুনামগঞ্জ-৩ আসনে (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) সৈয়দ শাহ মুবশ্বির আলী (বাংলাদেশ মুসলিম লীগ), আবদুল ছত্তার (স্বতন্ত্র), রফিকুল ইসলাম খসরু (স্বতন্ত্র) ও আশরাফুক হক সুমনের (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) ঋণ খেলাপির দায়ে দেওয়ান জয়নুল জাকেরীন (বিএনপি) ও মো. রাজু আহমদের মনোনয়নপত্র (স্বতন্ত্র) বাতিল করা হয়েছে।
সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) ভোটারদের স্বাক্ষরে গরমিল থাকায় রনজিৎ কুমার দের (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করা, ঋণখেলাপি, প্রদত্ত তথ্যে গড়মিলসহ নানা ত্রুটির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলদের আপিল করার সুযোগ রয়েছে।








