হবিগঞ্জের খোয়াই নদীতে দুইটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আরও দুইটি মেশিন বিকল ও বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের যশেরআব্দা এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা ও আনিসুর রহমান খান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা জানান, খোয়াই নদীর বিভিন্ন অংশ থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। দুপুরে শহরের যশেরআব্দা এলাকায় অভিযান চালিয়ে দুইটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযান টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেছে। পরে খোয়াই নদীর মাছুলিয়া অংশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে কাউকে পাওয়া যায়নি। এছাড়া হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গড়ে ওঠা বেশ কয়েকটি ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান অপসারণ করা হয়।
উল্লেখ্য, শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে খোয়াই নদীর যশেরআব্দা এলাকার চরে মাটি তুলতে গিয়ে এক শ্রমিক নিহত ও চারজন আহত হন।








