সিলেটের বিয়ানীবাজারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিসবাহ উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শেওলা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে ওই ঘটনা ঘটে। মিসবাহ জকিগঞ্জ উপজেলার শরিফাবাদ গ্রামের বাসিন্দা। সে ডাকাতি মামলার আসামি। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর এ তথ্য জানান।
ওসি জানান, মিসবাহ উদ্দিন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে।
ওসি আরও জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিসবাহকে শেওলা এলাকা থেকে গ্রেফতার করে। থানায় নিয়ে যাওয়ার পথে সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে মিসবাহ গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








