সুনামগঞ্জের তাহিরপুরে নিখোঁজের ৩ দিন পর তোফাজ্জল হোসেন (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার চারাগাঁও সীমান্তের বাঁশতলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গত বুধবার (৮ জানুয়ারি) শিশুটিকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করেছে পুলিশ।
নিহত তোফাজ্জল উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম বাঁশতলার জুবায়ের হোসেনের ছেলে এবং বাঁশতলা দারুল হেদায়েত মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের স্বজনরা জানান, তোফাজ্জল গত বুধবার বিকালে নিজ গ্রাম থেকে নিখোঁজ হয়। সে অপহরণ হয়েছে মর্মে পরদিন পরিবারের পক্ষ হতে থানায় লিখিত অভিযোগ করা হয়। পরে শনিবার ভোরে প্রতিবেশীর বাড়ির কাছে বস্তাবন্দি অবস্থায় শিশুটিকে মৃত অবস্থায় পান গ্রামবাসী। তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা বলছেন পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আতিকুর রহমান বলেন, ‘শিশুটিকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে কে বা করা জড়িত তা পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে।’
এদিকে, সকালে পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা ও তাহিরপুর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’








