মৌলভীবাজারে জুতার দোকানে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের পাঁচ জন নিহত হওয়া ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ লাখ টাকা প্রদান করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এই অর্থ ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিয়েছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে এম সাইফুর রহমান সড়কের অগ্নিকাণ্ড এলাকার পিংকি সু স্টোর পরির্দশন আসেন মন্ত্রী।এসময় তিনি ওই পরিবারের সদস্যদের হাতে এই টাকা তুলে দেন।
এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘এই রকম ঘটনা রুখতে মৌলভীবাজার ফায়ার সার্ভিসকে আধুনিক যন্ত্রপাতি দেওয়া হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও ব্যক্তি উদ্যোগে যোগাযোগ করেছি। তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’
ক্ষতিগ্রস্ত পরিবার সম্পর্কে তিনি বলেন, ‘এই পরিবারটি শহীদ পরিবার কিন্তু তারা আজও স্বীকৃতি পায়নি। স্বীকৃতির ব্যাপারে আলোচনা করা হবে উচ্চ পর্যায়ে।’
ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার), পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধা পদ দেব সজলসহ সংশ্লিষ্ট আরও অনেকে।








