পাঁচ দিনের রিমান্ড শেষে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ ৯ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে অ্যান্টি টেরোরিজম ইউনিট ৯ জঙ্গিকে সিলেট আদালতে নিয়ে আসে। এরপর তাদের সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. জিয়াদুর রহমানের আদালতে হাজির করলে গ্রেফতারকৃতরা তাদের দলীয় কার্যক্রম সম্পর্কে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) ছমির চন্দ্র দাস। তিনি জানান, অ্যান্টি টেরোরিজম ইউনিট ৯ জঙ্গিকে আদালতে হাজির করার পর তারা আদালতে তাদের কার্যক্রম সম্পর্কে জবানবন্দি দেয়। জবানবন্দিতে তারা তাদের সংগঠনের নাম আদালতকে না জানায়নি। তবে তাদের দলনেতার নাম জানিয়েছে। জবানবন্দি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৯ জানুয়ারি সিলেট নগরের আরামবাগে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্য সন্দেহে ৯ জনকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট। শাহপরান থানাধীন আরামবাগের ১ নম্বর রোডের ১৭ নম্বর বাসার নিচ তলার একটি ফ্ল্যাটে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ওই ৯ জনসহ ১৪ জনের নামে শাহপরাণ থানায় সন্ত্রাস বিরোধী আইনে গত ৩০ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান। ওইদিন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার তাদের আদোলতে হাজির করা হয়।
কারাগারে পাঠানো জঙ্গিরা হলো, বগুড়া জেলার বড়কুমিড়া গ্রামের মৃত আব্দুল মান্নান আকন্দের ছেলে মানিক আকন্দ ওরফে মেহেদী (৩২), নোয়াখালী জেলার কৃষ্ণপুর গ্রামের আবুল কালামের ছেলে জহির উদ্দিন বাবর (২০), সিলেটের জকিগঞ্জের মাননিক পুর গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে রাসেল আহম্মেদ (২৪), কুমিল্লা জেলার রাজমঙ্গলপুর গ্রামের আব্দুল আলীর ছেলে আবুল কালাম আজাদ ওরফে কালাম (২০), সিলেটের জকিগঞ্জের খাফনা ঈদগাহ বাজার গ্রামের মুক্তাদির মিয়ার ছেলে কামাল আহম্মেদ (২৫), সুনামগঞ্জ জেলার শাহপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে তমি উদ্দিন সুমন (৩০), রাজশাহী জেলার চেওখালী গ্রামের কায়েম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (২৯), সিলেটের জালালাবাদ থানাধীন হায়দরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে জুয়েল আহম্মেদ (২৪) এবং সিলেটের গোলাপগঞ্জের নলুয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে স্বপন আহম্মেদ (২১)।








