শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শারীরিক শিক্ষা দফতরের পরিচালককে নিজ কক্ষে রেখে বাইরে থেকে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। মুজিব শতবর্ষ ক্রিড়া প্রতিযোগিতায় দাওয়াত না পাওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার (১০ মার্চ) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা শারীরিক শিক্ষা দফতরের পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এসময় পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া নিজ কক্ষে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ক্রিড়া প্রতিযোগিতায় ছাত্রলীগকে দাওয়াত দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে ছাত্রলীগসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো অনেক সময় দাওয়াত পায় না। তবে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত ক্রিড়া প্রতিযোগিতায় শাবি শাখা ছাত্রলীগকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক ছাত্রলীগকর্মী জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ছাত্রলীগকে কেন দাওয়াত দেওয়া হয়নি জানতে চাইলে শারীরিক শিক্ষা দফতরের পরিচালক সউদ বিন আম্বিয়া বলেন, ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে দাওয়াত দেওয়া হয়নি। তবে আমি এমন ঘটনার জন্য তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আগামীতে এ ধরনের ভুল হবে না।
তবে শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রুহুল আমিন অভিযোগ করেন, মুজিব শতবর্ষকে কেন্দ্র করে আয়োজিত ক্রিড়া প্রতিযোগিতায় ছাত্রলীগকে বঞ্চিত করা হয়েছে। আবার এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা আয়োজক কমিটির সদস্য সচিব সউদ বিন আম্বিয়ার কাছে কারণ জানতে চাইলে উনি দাওয়াত দেয়ার ইচ্ছা বা প্রয়োজন মনে করেননি বলে মন্তব্য করেন। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কর্মীরা উনার অফিসে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখে এবং তার পদত্যাগ দাবি করে।
এ বিষয়ে শারীরিক শিক্ষা দফতরের পরিচালক সউদ বিন আম্বিয়ার মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
সার্বিক বিষয়ে খেলাধুলা ও ক্রিড়া বিষয়ক উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার জানান, প্রতিবছর দাওয়াতের বিষয়টি শারীরিক শিক্ষা দফতরের প্রধান দেখে থাকেন। কিন্তু এ বছর ছাত্রলীগকে দাওয়াত দিতে ভুলে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে ছাত্রলীগ কথা বলতে গেলে শারীরিক শিক্ষা দফতরের প্রধানের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়। পরে ছাত্রলীগ কর্মীরা তাকে তালাবদ্ধ করে।
এদিকে তালা দেওয়ার ঘটনায় সকালের সেশনের খেলা চললেও দুপুরে খেলা হয়নি। বুধবার (১১ মার্চ) স্থগিত খেলাগুলো অনুষ্ঠিত হবে। আর বুধবারের ইভেন্টগুলো ও পুরস্কার বিতরণী ১২ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানান অধ্যাপক রাশেদ তালুকদার।








