জনসমাগম করে মেয়ের বিয়ে দিয়ে আলোচিত ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. শাহ আলমকে অবশেষে ওএসডি করা হয়েছে। রবিবার (২২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়। সেইসঙ্গে আগামী সাত দিনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ একরাম উল্লাহকে।
সারাদেশে করোনা ভাইরাসের সতর্কতায় জনসমাগম, মাহফিল, সমাবেশ ও সামাজিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করে গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন শাহ আলম তার সরকারি বাসভবনে ঘটা করে মেয়ের বিয়ের আয়োজন করে। বিয়েতে দাওয়াত দেওয়া হয় সরকারি চিকিৎসকসহ প্রায় তিনশ’ অতিথিকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের সব গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
এর আগে ইংরেজি বছরের প্রথম দিন রাতে সরকারি হাসপাতালে বহির্বিভাগের গেট বন্ধ করে জমকালো অনুষ্ঠানে করে এবং আতশবাজি ফুটিয়ে আলোচিত হন সিভিল সার্জন শাহ আলম।







