হবিগঞ্জে প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তিনি নারয়ণগঞ্জ থেকে হবিগঞ্জ এসেছিলে। ওই রোগীর সংস্পর্শে আসা অপর ১৫ জন ও এক পুলিশকেও কোয়ারেন্টিনে থাকার নিদের্শ দেওয়া হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।
ডা. মোস্তাফিজুর রহমান বলেন, 'গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসার পথে চেকপোস্ট থেকে পুলিশ গাড়িসহ ১৬ জনকে আটক করে হাসপাতালে নিয়ে আসে। পরে তাদেরকে রাখা হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। এর মধ্যে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আটক ব্যক্তি একজন ট্রাকচালক।'
তিনি আরও বলেন, 'আক্রান্ত ব্যক্তিকে হবিগঞ্জ সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের বিশেষজ্ঞ দল বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তাকে ঢাকায় পাঠানো হবে কিনা।'
হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান জানান, জেলায় করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রুদ্ধদার বৈঠক হয়েছে। জেলায় প্রবেশে কড়াকড়ি করা হয়েছে। প্রতিটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া সদর হাসপাতালে প্রবেশ নিয়ন্ত্রণ ও সীমিত করা হয়েছে।








