'ভয় নয় সবাই মিলে করোনাকে করবো জয়'—এই বার্তা লিখে করোনা আক্রান্ত এক ব্যাংক কর্মকর্তার বাসায় এক ঝুড়ি ফল পাঠিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ। শনিবার (২৫ এপ্রিল) বিকালে ওই ফলের ঝুড়ি তার বাসায় পৌঁছে দেওয়া হয়।
শ্রীমঙ্গল পৌর শহরের মৌলভীবাজার সড়কে আল আমিন নামের এই রোগীর শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) এর পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এ খবর শোনার পর ওই রোগীকে সাহস যোগাতে ফল পাঠানো হয়। সম্পূর্ণ সামাজিক দূরত্ব মেনেই ফলের ঝুড়ি পৌঁছে দেওয়া হয়।
করোনা আক্রান্ত আল আমিন বেসরকারি এবি ব্যাংক, শ্রীমঙ্গল শাখায় ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে, করোনা আক্রান্তের রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে ওই রোগীসহ তার আশপাশের বাড়ি লকডাউন করা হয়।
অপরদিকে, করোনা আক্রান্তের রিপোর্ট পাওয়ার পর শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী ওই ব্যক্তির বাসায় পৌঁছান এবং আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা স্বাভাবিক দেখতে পান।








