হবিগঞ্জের নবীগঞ্জে পাহাড় কাটা রোধ করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে এ অভিযান চালানো হয়। এ সময় চার জনকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় সোপর্দের পর শুক্রবার (২৮ আগস্ট) বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে রাতের আধারে একশ্রেণির অসাধু চক্র বেশ কিছু দিন ধরে পাহাড় কেটে নিয়ে যাচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলো, বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের নেতৃত্বে প্রশাসন অভিযান চালায়। এ সময় পাহাড় কাটায় ব্যবহৃত একটি ট্রাক্টর, একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান জানান, রাতের আধারে একদল অসাধু চক্র পাহাড় কেটে উজাড় করছিল, এই খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র পাহাড় কেটে মাটি উত্তোলন করছে—এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। পরে শুক্রবার সকালে আটককৃতদের মধ্যে তিন জনকে তিন মাস করে এবং একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।








