সিলেটে শান্তিপূর্ণভাবে চলছে হেফাজতে ইসলামের হরতাল। রবিবার (২৮ মার্চ) ভোর থেকে শুরু হয়ে এ হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নাশকতা এড়াতে সিলেট নগরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর সতর্ক অবস্থানে রয়েছে।
সিলেট মহানগরীর ৬ থানাধীন এলাকায় দায়িত্ব পালন করে যাচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে সাদা পোশাকের পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব পালন করছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান ও র্যাব।
রবিবার ফজরের নামাজের পর থেকে সিলেটে রাস্তায় নামেন হেফাজতের নেতাকর্মীরা। ভোর থেকে বিভিন্ন মোড়ে যানবাহন চলাচলে বাঁধা দেন তারা।
এদিকে, হরতালের কারণে সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনও বাস। সিলেটের আঞ্চলিক সড়কগুলোতেও বাসসহ যাত্রীবাহী গাড়ি চলাচল করছে না। রবিবার সকাল ৯টার দিকে দক্ষিণ সুরমায় কিন ব্রিজের মুখে লাঠিসোটা হাতে হেফাজতের নেতাকর্মীরা জড়ো হলে তাদের লাঠি কেড়ে নিয়ে ছাত্রভঙ্গ করে দেয় পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের জানান, হেফাজতের হরতাল চলাকালে কেউ যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে হেফাজতের শান্তিপূর্ণ হরতাল চলছে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান বলেন, ‘সিলেট জেলা পুলিশের আওতাধীন সবগুলো থানাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। জেলাজুড়ে সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’








