সিলেট সদর উপজেলার খাদিম বিসিক শিল্পনগরী এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুলের দুই ফ্যাক্টরি শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন, শরীয়তপুর জেলার বাসিন্দা তাফু (৪০) ও চাঁদপুর জেলার বাসিন্দা রাজু (২২)। এছাড়া, রাসেল(২২) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (সদর দক্ষিণ) জেদান আল মুসা জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. উজ্জ্বল জানান, সন্ধ্যা ৭টার দিকে বনফুলের দুই কর্মীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
বনফুল সিলেট অঞ্চলের ডিজিএম আব্দুল হক জানান, শুক্রবারে তাদের ৯০ ভাগ কর্মী ছুটি ভোগ করেন। কয়েকজন কর্মী অবস্থান করেন ফ্যাক্টরির ভেতরে। সন্ধ্যার দিকে তাদের তিন কর্মী ফ্যাক্টরির বাইরে হাটা-চলা করার সময় দুর্বৃত্তরা তাদেরকে ছুরিকাঘাত করে। এতে দুজন নিহত এবং একজন আহত হন। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান।
/এআর/








