জেলরোড থেকে সিলেট কেন্দ্রীয় কারাগার বাদাঘাটে স্থানান্তর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আগামী জুলাই মাসেই এ স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। আর পুরনো কারাগারের জায়াগায় সেন্ট্রাল পার্ক নির্মাণ করা হবে। সোমবার নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, আগামী জুন মাস পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ। যথাসময়েই নির্মাণ কাজ শেষ হবে। সকল প্রক্রিয়া শেষে জুলাই মাসে কারাগার স্থানান্তর করা হবে। তিনি বলেন, এই এলাকায় কারাগার নির্মাণ ছিল অত্যন্ত প্রয়োজনীয় প্রকল্প। এর ফলে পিছিয়ে পড়া এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে।
আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ওইদিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছবেন। তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করবেন। বিকেলে প্রধানমন্ত্রী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন।
/এমএনএইচ/







