বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুরসহ বেশ কয়েকটি স্থানে সীমান্ত ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের শ্রীমঙ্গল কার্যালয় থেকে শনিবার দুপুরে এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
গত ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশশহরে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে এ বৈঠক হয়। বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল নাসির উদ্দীন। অপর দিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরার পানি সাগরের ডিআইজি ডি.কে শর্মা।
প্রায় দুই-ঘণ্টাব্যাপী এই বৈঠকে ত্রিপুরার জম্পুই হিল সংলগ্ন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, কুলাউড়ার শরীফপুরসহ সীমান্ত এলাকায় বেশ কয়েকটি ‘সীমান্ত ফাঁড়ি’ স্থাপন করা হবে।
শ্রীমঙ্গল সেক্টরের বিজিবি ৪৬ নং ব্যাটেলিয়ন কমান্ডার লে. কর্নেল নাসির উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, এটি একটি আনুষ্ঠানিক বৈঠক ছিল। বৈঠকে গত ৩ জানুয়ারি মানসিক ভারসাম্যহীন ইরা মিয়া নামে এক বাংলাদেশিকে বিএসএফের ধরে নিয়ে যাওয়া বিষয়েও আলোচনা হয়েছে। বিএসএফের পক্ষে বলা হয়েছে ইরা মিয়া এখন কৈলাশহর কারাগারে আছে। আদালতের নির্দেশনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
/জেবি/ টিএন/








