বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন হচ্ছে, কিন্তু এম এ জি ওসমানী, তাজউদ্দীন আহমদ ও জিয়াউর রহমানের কথা স্মরণ করা হয়নি। এটা আমাদের জন্য লজ্জার। আওয়ামী লীগ সরকার স্বাধীনতার প্রকৃত ইতিহাস মুছে দিতে চায়। সেজন্য তারা নানা পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।
সিলেটমুক্ত দিবস উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সিলেট শহরসহ বৃহত্তর সিলেট শত্রুমুক্ত হয়। এ উপলক্ষে দিনটি উদযাপনে সমাবেশের আয়োজন করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল, দেশের মানুষকে ১০ টাকায় চাল খাওয়াবে, কিন্তু এখন চালের দাম ৭০ টাকা। দেশে দারিদ্র্যের সংখ্যা বাড়ছে। মানুষ রাস্তায় পড়ে থাকে। কিছু মানুষ বড়লোক হচ্ছে। বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। চতুর্দিকে কেবল দুর্নীতি আর দুর্নীতি।
তিনি বলেন, আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন হচ্ছে। কিন্তু প্রশ্ন করে দেখুন, দেশ কি আজ সত্যি স্বাধীন? বর্তমানে মানুষের কথা বলার স্বাধীনতাও নেই। তাই সবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়ে দিতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, উপদেষ্টা আবদুস সালাম। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মেয়র আরিফুল হক চৌধুরী। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।









