সিলেট জেলা বিএনপির কাউন্সিলের সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি সিলেট জেলা বিএনপির সম্মেলন গণতান্ত্রিক, সার্থক ও সফল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মেয়র বলেন, বিএনপি হাইকমান্ডের নির্দেশনায় সিলেট জেলা বিএনপির কাউন্সিলের সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছি। এই ঘােষণার সঙ্গে সঙ্গে আমি পথচলা সব নেতাকর্মী তথা বিএনপির প্রাণ- সিলেট জেলার তৃণমূল নেতাকর্মীদের বুকে ঠাঁই চাই।
আরিফ আরও বলেন, আমি আপনাদের ভালােবাসায় সিক্ত। মাত্র এক সপ্তাহে পথে পথে, রাত গভীরে উপজেলার বিভিন্ন হাটবাজারে যে অভূতপূর্ব মমতার নিদর্শন আপনারা দেখিয়েছেন, তাতে আমি মুগ্ধ এবং আমার পরিবার আজীবন কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ। এই ভালােবাসার প্রতিদান নেই, হতে পারে না।
সিসিক মেয়র বলেন, আমি মনে করি বিএনপি আমাকে অনেক দিয়েছে। আমি তা কখনও ভুলে যাইনি। দুই দুইবার মেয়র হতে ভােটের লড়াইয়ে প্রিয় নেতাকর্মীরা মরণপণ লড়াই করেছেন। তারা কেবল বিএনপির আরিফুল হক চৌধুরীর জন্যই লড়েছেন, ব্যক্তি আরিফের জন্য নয়।
আরিফ বলেন, বিএনপি দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। সেই দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নীতিনির্ধারণী সিদ্ধান্ত মেনে চলা গুরুত্বপূর্ণ। আমাদের আদর্শিক চেতনার নেতা প্রেসিডেন্ট জিয়া বলে গেছেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’। তাই সেই মতের সিপাহী হয়ে এর বাইরে আমার এক কদম নেই এবং চলতে পারবো না।








