সিলেট নগরীর লালবাজারের আবাসিক হোটেল আল মিনারের ৪১৪ নম্বর কক্ষ থেকে খালেদ আহমদ (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) বিকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
খালেদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার খাটখছ গ্রামের উনু মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক আজিম পাটোয়ারির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী তিনি জানান, নিহত খালেদ ব্যবসার কাজে সিলেট এসে হোটেলের কক্ষটি ভাড়া নেন। বুধবার বিকালের দিকে তাকে ডাকাডাকি করার পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।









