হবিগঞ্জের মাধবপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক তরুণীকে যৌন হয়রানি ও কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (২৫ এপ্রিল) মাধবপুর থানায় ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন তরুণীর বাবা।
গুরুতর অবস্থায় ওই তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ৫০টিরও বেশি সেলাই লেগেছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।
পুলিশ ও তরুণীর বাবা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন বখাটে তরুণীকে উত্ত্যক্ত করে আসছিল। বখাটেদের মধ্যে একজনের দেওয়া প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে যৌন হয়রানি করা হয়। এর প্রতিবাদ করায় তাকে কুপিয়ে জখম করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান বলেন, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৯ এপ্রিল রাতে ঘর থেকে বের হলে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বখাটেরা। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা করেছেন তরুণীর বাবা। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









