সিলেট জেলা ও মহানগর বিএনপির কাউন্সিল রবিবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় দরগা গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আয়োজিত এই কাউন্সিলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি থাকবেন দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, দলের সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ শনিবার রাতেই সিলেট এসে পৌঁছেছেন। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এদিকে, কাউন্সিলকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে সিলেট বিএনপি ঘোষিত নির্দেশনাগুলো মেনে চলার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
শনিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা কাউন্সিলের জন্য মনোনীত নির্বাচন কমিশনার এডভোকেট নুরুল হক এবং সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহানগর কাউন্সিলের জন্য মনোনীত নির্বাচন কমিশনার একেএম আহাদুস সামাদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কাউন্সিলকে সফলের জন্য দলীয় নেতাকর্মীদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যে কোনও ধরনের সংঘাত-সংঘর্ষকে সর্বাত্মকভাবে এড়িয়ে চলতে হবে। কাউন্সিল চলাকালে সম্মেলন কক্ষের ভিতরে কিংবা বাইরে কোন প্রার্থীর পক্ষে স্লোগান, মিছিল সমাবেশ করা যাবে না। সম্মেলন কক্ষের আশেপাশে কোন প্রার্থীর পক্ষে যে কোনও ধরণের পোস্টার, ব্যানার বা প্ল্যাকার্ড টাঙ্গানো কিংবা প্রদর্শন করা যাবে না।
জেলা ও মহানগর বিএনপির কার্ডধারী কাউন্সিলররা ছাড়া কাউকে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের প্রধান গেইটের ভেতরে প্রবেশ না করার জন্য আহ্বান জানানো হয়েছে।
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ জানান, ৬ বছর পর সিলেট জেলা বিএনপির এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০০৯ সালের ২৫ নভেম্বর সিলেট জেলা বিএনপির সম্মেলন হয়েছিল।
২০১৪ সালের ৮ নভেম্বর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে আহ্বায়ক ও বদরুজ্জামান সেলিমকে সদস্য সচিব করে সিলেট মহানগর বিএনপির ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
/এমপি/








