জেলার বাহুবলের এক গ্রামে ৪টি শিশু নিখোঁজ হওয়ার পর থেকে অভিভাবকরা উদ্বেগ,উৎকণ্ঠা আর আতঙ্কে আছেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার এই শিশু চারটি নিখোঁজ হয়। এ ব্যাপারে শনিবার (১৩ ফেব্রুয়ারি) বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ শিশুরা হলো, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০)।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তারা বাড়ির পাশের একটি মাঠে খেলতে যায়। সন্ধ্যার পরও তারা বাড়িতে ফিরে না আসায়, অভিভাবকরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাদের সন্ধান না পেয়ে শুক্রবার রাতেই উপজেলার সর্বত্র মাইকযোগে নিখোঁজ সংবাদটি প্রচার করা হয়। শনিবার দুপুর পর্যন্ত ওই ৪ শিশুর সন্ধান না পেয়ে জাকারিয়া আহমেদ শুভ’র বাবা ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় অভিভাবকরা উদ্বেগ ও উৎকণ্ঠায় আছে।
এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশারফ হোসেন পিপিএম জানান, ৪ শিশু নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
/জেবি/এসটি/








