হবিগঞ্জের সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রিমান্ডে থাকা আসামি আরজু মিয়া। বুধবার বিকেলে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওছারুল আলমের আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।
এ নিয়ে মামলার তিন আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আরজু মূলহোতা আব্দুল আলীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করে আসছেন।ইতোমধ্যে মামলার সকল মোটিভ উদঘাটন করা হয়েছে। আরজু ঘটনার সাথে জড়িত আরও কয়েক জনের নাম প্রকাশ করেছেন। পুলিশ সেগুলো যাচাই বাচাই করছে।
বুধবার বিকালে কড়া নিরাপত্তায় আরজুকে আদালতে তোলা হয়। এর আগে সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা আরজুর ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য,গত ১২ ফেব্রুয়ারি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজ-এর ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদির-এর ছেলে ইসমাঈল হোসেন (১০)নিঁখোজ হয়। ১৭ ফেব্রুয়ারি সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
/জেবি/এইচকে/








