সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ জানাজায় হাজারও মানুষের ঢল নামে।
এর আগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এনামুল হক মোস্তফা শহীদের মরদেহের প্রতি পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে সর্বস্তরের জনগণ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
জানাজায় অংশ নেন, হবিগঞ্জের চারটি আসনের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সকল স্তরের মানুষ।
এনামুল হক মোস্তফা শহীদ ১৯৩৮ সালের ২৮ মার্চ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কুটিরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
/এইচকে/








