হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা চলাকালে দল থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতাকর্মীরা হামলা চালান। এ ঘটনায় পাঁচ নেতাকর্মী আহত হন। শনিবার দুপুরে শহরের টাউন হল রোড এলাকার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা চলাকালে এ হামলা চালানো হয়। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সম্প্রতি হবিগঞ্জ পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আজাদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। এর জের ধরে শনিবার দুপুরের দলীয় সভায় ওই হামলা চালানো হয়। পরে আক্রমণকারীদের সঙ্গে জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসানের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হবিগঞ্জ পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ আজাদকে বহিষ্কার করা হয়েছে। এরই জের ধরে তারা জেলা সেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় হামলা চালিয়েছে।
বহিষ্কৃত নেতা মাসুদ আজাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোনে বার বার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
/জেবি/এইচকে/








