তেজগাঁও রেল স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে মারা যাওয়া সেই মা ও সন্তানের কথা বলতে গিয়ে কেঁদে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কান্না বিজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘গতকাল যে ঘটনাটি ঘটলো, বিএনপির হরতালে আমরা কী দেখলাম, রেলে আগুন দিলো। আর মা সন্তানকে বুকে নিয়ে সে আগুনে পুড়ে মারা গেলো। এর থেকে কষ্টের আর দৃশ্য আর হতে পারে না। কী করে এত মানুষ কীভাবে হত্যা করে?’
বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে শাহজালাল (র.) মাজার জিয়ারত করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এরপর প্রধানমন্ত্রী শাহপরানের (র.) মাজার জিয়ারত করে সিলেট সার্কিট হাউসে যান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভোটের জন্য সব উন্মুক্ত করে দিয়েছি। আমাদের দলকেও উন্মুক্ত করেছি, সবাই দাঁড়াবে। জনগণ এর মধ্যে যাকে বেছে নেয়।’
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আজকে নারী-শিশু, পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা। চিফ জাস্টিসের বাড়িতে, জনগণের ওপর হামলা- এটা কোন ধরনের রাজনীতি?’
শেখ হাসিনা বলেন, ‘জনগণের কাছে তাদের (বিএনপি) কর্মসূচি নিয়ে যাবে জনগণ যদি সাড়া দেয় তখন হবে। কিন্তু মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন করতে তাদের অভিজ্ঞতা নাই- ২০১৩ ও ১৪ সালে তারা পারেনি। তাহলে কেন আবার আগুন দিয়ে এই হত্যা? তারা বেশ ভালোই চলছে, একজন লন্ডন বসে হুকুম দেয় আর এখানে তার কিছু চ্যালা আছে তারা আগুন দেয়। বাংলাদেশ নিয়ে এভাবে খেলা কেউ মেনে নেবে না।’








