সিলেট নগরীতে সোহেল আহমদ নামে এক ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে। বিকাল পৌনে ৫ টার দিকে নয়াসড়কস্থ কিশোরী মোহন স্কুলের সামনে ছিনতাইকারীরা তার ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। সোহেল সিলেট নগরীর উপশহরের বাসিন্দা।
ব্যবসায়ী সোহেল জানান, বিকাল সাড়ে ৪টার দিকে চৌহাট্টাস্থ এনআরবি ব্যাংক থেকে ১০ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে তিনি জেলরোডস্থ আল-ফালাহ ব্যাংকে যাচ্ছিলেন। পথে কিশোরী মোহন স্কুলের গেইটে পৌঁছালে তিনটি মোটরসাইকেলযোগে ৫ থেকে ৬ ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা গলায় অস্ত্র ঠেকিয়ে সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে নয়াসড়কের দিকে দ্রুত পালিয়ে যায়। ছিনতাই হওয়া টাকা এফবিসিআই ও সিলেট চেম্বারের পরিচালক শামীম আহমদ রাসেলের বলে জানিয়েছেন সোহেল।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্তের জন্য পুলিশের একাধিক টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছিনতাইকারীরা একটি ব্যাগ ফেলে গেছে। ওই ব্যাগে প্রাপ্ত কাগজপত্রের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
/এআর/








