সিলেটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ফাঁকা গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীরা কোর্ট পয়েন্ট এলাকা ছেড়ে অন্যান্য সড়কে অবস্থান নিলে পুলিশ তাদেরকে আবারও ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে বেলা ১১টা থেকে আন্দোলনকারীরা কোর্ট পয়েন্ট এলাকায় জড়ো হতে থাকেন। অপরদিকে বিপুল সংখ্যক পুলিশ ওই এলাকায় অবস্থান নিতে দেখা যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, আন্দোলনকারীরা কোর্ট পয়েন্ট এলাকায় জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের অভিযান অব্যাহত আছে। সেই সঙ্গে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, অসহযোগ আন্দোলনের সময় হাসপাতাল, ওষুধের দোকান, জরুরি পরিবহন সেবা (ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন), অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট-সেবা, জরুরি ত্রাণসহায়তা ও এ খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীর পরিবহন সেবা চালু থাকবে।









