সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতালের পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশুটির নাম আরিশা (৫ মাস)। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার ইব্রাহিম মিয়ার মেয়ে। এর আগে গত সোমবার হামের উপসর্গ নিয়ে একই হাসপাতালে চার মাসের এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, ‘আরিশা নামের শিশুটি জ্বর নিয়ে ৬ এপ্রিল সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিল। বুধবার অবস্থার অবনতি হওয়ায় আমাদের হাসপতালের পিআইসিইউতে নেওয়া হয়। সেখানে রাতে মৃত্যু হয়। তার এখনও হামের টিকা দেওয়ার সময় হয়নি। অসুস্থ হওয়ার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। রিপোর্ট আসতে আরও কয়েকদিন লাগবে। ফলে বলা যাচ্ছে না হামে আক্রান্ত ছিল কিনা।’
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার প্রতিবেদন অনুযায়ী, সিলেট বিভাগে নতুন করে দুজনের হাম শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বিভাগে হাম শনাক্ত রোগী ৩৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ জন, মৌলভীবাজারের ১২ জন, সুনামগঞ্জের ১১ জন ও হবিগঞ্জের ছয় জন (দুজন রুবেলায় আক্রান্ত)।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩৬ জন। এ ছাড়া সিলেট বিভাগে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগী ১০১ জন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আট জন।








