বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যে সিলেটে শনিবার (১৮ এপ্রিল) ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধের নোটিশ দিয়েছে বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিউবো)।
বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। বিদ্যুতের বিতরণ লাইন ও ট্রান্সফরমার মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য বিদ্যুত সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
বিউবোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি সোবহানীঘাট ফিডারের চালিবন্দর, কাস্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দররোড ও আশপাশ এলাকা; ১১ কেভি কালীঘাট ফিডারের আওতাধীন আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্রি, হর্কাস মার্কেট, লালদীঘিরপাড়, ডাক বাংলা রোড; ১কেভি বোরহান উদ্দিন ফিডারের বুরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোওয়াগাঁও, সাদাটিকর; ১১ কেভি মুক্তিরচক ফিডারের মিরেরচক, মুক্তিরচক মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সঙ্গে সঙ্গেই চালু করা হবে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিউবো’র পক্ষ থেকে দুঃখও প্রকাশ করা হয়েছে।
এদিকে, সিলেটে শুক্রবার ছুটির দিনেও লোডশেডিং হয়েছে। নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা মুহিবুর রহমান জানান, আজ দিনের বেলা কয়েক দফা বিদ্যুৎ চলে যায়। মাগরিবের নামাজের পর আরেক দফা বিদ্যুৎ চলে যায়। রাত পৌনে ৮টায় বিদ্যুৎ ফের আসে। তবে তার আগে বিদ্যুৎহীন ছিল নগরীর সুবিদবাজারসহ বিভিন্ন এলাকা।
বিউবো সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন লোডশেডিংয়ের বিষয়টি স্বীকার করে জানান, চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় সিলেটে প্রতিদিন গড়ে ২০-২৫ শতাংশ লোডশেডিং হচ্ছে। ঝড়-তুফানসহ বৈরী আবহাওয়ার মধ্যেও তারা বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে চান। তবে, বৈশ্বিক পরিস্থিতি তাদেরকে কিছুটা বেকায়দায় ফেলে দিয়েছে।









