হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা। ফলে দুই ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। রাস্তার দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ১১টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও সমর্থকরা রবিবার বেলা ১১টা থেকে মহাসড়কের মাধবপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে পুলিশ বেলা ১টার দিকে অবরোধকারীদের সঙ্গে আলাপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠানসহ দলীয় নেতাকর্মীরা।
তবে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির আলম জানান, দলীয় কিছু নেতাকর্মীরা মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
/বিটি/







