জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘প্রশাসন খুব স্বাভাবিকভাবে আমরা ওদিনও দেখেছি এবং গতকালকেও দেখেছেন আপনারা, প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক। প্রথমে একটু নীরব দেখেছিলাম পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেছে। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। সরকারের কথামতো প্রশাসন সিদ্ধান্ত নেয়। আমরা প্রশাসনকে আহ্বান করি- দয়া করে আপনারা আপনাদের পেশাদারত্বটাকে আর বিক্রি করে দিয়েন না। যদি এটা করেন হয়তো এইটা এমন হবে আগামীতে বাংলাদেশ পুলিশ নামক এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে আর থাকবে না। মানুষের সামনে কোনও দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। আপনারা আপনাদের পেশাদারত্ব বজায় রাখুন। যদি রাজনীতি করতে চান, বিএনপি করতে চান, তাহলে পোশাক বাদ দিয়ে রাজনীতিতে আসুন।’
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন গতকাল বা তার পরের দিন হয়তোবা আমরা সংখ্যায় কম থাকতে পারি। সেখানে আমরা রক্ত দিয়ে এসেছি। কিন্তু আমরা সেই জায়গা ছাড়িনি। আমরা আপসও করিনি।’
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় জুলাইয়ের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আমরা মনে করি তিনি (তারেক রহমান) শুধু বেগম জিয়ার ওই কথা মনে রাখুন- ছাত্রদলে ছাত্রদেরকে চাই, কোনও টোকাইদেরকে চাই না। এই কথাটাকে মনে রাখলেই আমরা মনে করি যে এটা বিএনপির জন্য ভালো, বাকি সবার জন্যও ভালো। কিন্তু এটাও আমরা পাশাপাশি বলে রাখি, আমরা আমাদের প্রতিবাদ করতে থাকবো।’
তিনি বলেন, ‘ছাত্রদল যেভাবে ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং সন্ত্রাসী সংগঠন হওয়ার পথে পা বাড়াচ্ছে- এইটাতে জনাব তারেক রহমানকে লাগাম টানতে হবে। যদি লাগাম টানতে না পারেন, তাহলে তিনি ঘোষণা দিক তিনি তার একটা ছাত্র সংগঠনকে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করবেন।’
এনসিপির এই নেতা বলেন, ‘এনসিপির ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। অনেকে রক্তাক্ত হয়েছে, আপনারা দেখেছেন, আমাদের একটা ছোট্ট ভাই তার হয়তো এখন অপারেশন চলছে, সে তার চোখ হারিয়েছে। আমরা এনসিপি ওইটুকু মনে করি যে হয়তো আমাদের আত্মপ্রকাশের মাত্র এক বছর হতে পারে। হয়তো ওই পঞ্চাশ বছরের বড় রাজনৈতিক দলদের মতো এখনো আমাদের সংগঠনের বিস্তৃতি না ঘটতে পারে। কিন্তু আমরা ওইটুকু মনোবল রাখি যে আমাদের যদি ১০০ জন থাকে, আর অপরাধীরা যদি এক হাজার জন থাকে, আমাদের ইনশাআল্লাহ ওই মনোবলটুকু আছে, অপরাধী এক হাজার জন হলেও তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ।’









