হাজতে থাকা ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান, প্রত্যাহার দুই পুলিশ সদস্য

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ১৫:৫১ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৫:৫১

হবিগঞ্জের নবীগঞ্জ থানার হাজতে থাকা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহ তপুর ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার এসআই মেহেদী ও নারী কনস্টেবল আফসানা মিমিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে অভিযান চালিয়ে শাহ তপুকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের শাহ ফিরোজ মিয়ার ছেলে। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নবীগঞ্জ থানার এসআই আসিফের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, শাহ তপু থানার হাজতে থাকা অবস্থায় তাকে পানি দিতে যান একই গ্রামের শাহ শুকুর আলীর ছেলে শাহ জুয়েল। এ সময় জুয়েল কৌশলে নিজের মুঠোফোনে শাহ তপুর বক্তব্য ও স্লোগান দেওয়ার ভিডিও ধারণ করেন। ভিডিওতে তাকে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শুক্রবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। থানার হাজতের মতো একটি সংরক্ষিত স্থানে কীভাবে মুঠোফোন নিয়ে ভিডিও ধারণ করা হলো এবং সে সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নজরদারিতে কোনও ঘাটতি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে শাহ জুয়েলকে গ্রেফতার করে। পরে তাকেও সন্ত্রাসবিরোধী আইনে করা একই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল হোসেন বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহ তপুকে গ্রেফতারের পর থানার হাজতে রাখা হয়েছিল। এ সময় জুয়েল তাকে পানি দিতে এসে কৌশলে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় জুয়েলকেও গ্রেফতার করা হয়েছে।

ওসি মোহাম্মদ আবুল হোসেন আরও জানান, এ ঘটনার সময় দায়িত্বে থাকা ডিউটি অফিসার এসআই মেহেদী ও নারী কনস্টেবল আফসানা মিমিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

হাজতের ভেতরে ভিডিও ধারণের ঘটনা কীভাবে ঘটলো এবং এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার অন্যান্য দিক নিয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

/আরএইচ/
সম্পর্কিত
‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগানে মিছিল, ছাত্রলীগের ১৭ কর্মী আটক
বিয়ের ২০ দিনের মাথায় ড্রাইভারের সঙ্গে পালালেন বিএনপি নেতার স্ত্রী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, বেশি মিরপুরে ১৬১
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বিএনপি নেতা
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন বিএনপি নেতা
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
লিফট-ট্রান্সফরমারসহ বৈদ্যুতিক স্থাপনার পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন
লিফট-ট্রান্সফরমারসহ বৈদ্যুতিক স্থাপনার পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন
ভারতে কানাডাকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু
ভারতে কানাডাকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে