লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ ৭৫ হাজার মিটার জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন।
অভিযানে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আর জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করে। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন বলেন, মা ইলিশ রক্ষায় সরকার নদীতে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ নির্দেশনা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত থাকবে।
মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদী ও সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।