সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার হলিমপুর ও মাটিয়াপুর গ্রামের মধ্যবর্তী মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করিমপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের এক তরুণীকে নিয়ে মাটিয়াপুর গ্রামের এক যুবক পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এর জেরে বুধবার দুপুরে দুই গ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য ও গ্রামবাসী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের লোকজন পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দুই গ্রামের অন্তত ২০ জন আহত হন।
আহত ব্যক্তিরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, দুই গ্রামের প্রভাবশালী পরিবারের ছেলে ও মেয়ের প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।