দুর্নীতি করে কেউ পার পাবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, দুর্নীতি করলে শিক্ষা পরিবারের সদস্য হয়ে থাকতে পারবেন না। আমরা সবার বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেছি। কাউকে ছাড় দেওয়া হবে না বলে। রবিবার রাজধানীর নায়েম একাডেমিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর আয়োজিত এক অনুষ্ঠানে জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের(সেসিপ) আওতায় নিয়োজিত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দুর্নীতি করলে দোজখে গিয়ে পুড়তে হবে। ভালো কাজ করলে জান্নাতে গিয়ে আপেলও খেতে পারবেন।
মোটরসাইকেল প্রাপ্ত মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আপনাদের মোট ৩১৩টি মোটরসাইকেল দিচ্ছি। কারণ আপনারা যেন আরও দ্রুত কাজ করতে পারেন। আপনাদের কাজের গতি বাড়ানোর জন্যই এই মোটরসাইকেল দেওয়া। আপনাদের কাছ থেকে আরও দ্রুত আরও ভালো ফল চাই। আমরা আশা করব, আপনাদের কাজের গতি আরও কয়েকগুণ বেড়ে যাবে।
সচেতন থাকার অনুরোধ করে তিনি বলেন, আপনারা সচেতন থাকবেন। আপনাদের ওপরেই দেশের উচ্চ শিক্ষার স্বার্থ জড়িয়ে রয়েছে। কাজ ঠিকমত করছেন কি না, তা মনিটরং করার লোকও আছে আমাদের। কোনও অবহেলা পেলেই জরিমানা হবে, চাকরি নিয়ে টানাটানি হবে। তাই সচেতন থাকবেন।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) একটি কম্পনেন্ট সেসিপ প্রকল্পের মাধ্যমে শিক্ষার আরও দ্রুত উন্নয়ন সম্ভব হচ্ছে বলে সেসিপ ও এডিবিকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের(মাউশি) মহাপরিচালক এবং সেসিপ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(উন্নয়ন) এএস মাহমুদ, সেসিপ প্রোগ্রামের যুগ্ম-পরিচালক রতন কুমার রায়, নায়েমের মহাপরিচালক প্রফেসর হামিদুল হক। আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড(এনসিটিবি) ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের(এডিবি) কর্মকর্তারা।
/আরএআর/এমএনএইচ/








