দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৯৬টি। নতুন আরও ১৮টি বিশ্ববিদ্যালয় রয়েছে অনুমোদনের অপেক্ষায়। এই সংখ্যা ভবিষ্যতে কততে গিয়ে ঠেকবে, তা আমার জানা নেই। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও প্রশিক্ষকদের সক্ষমতা উন্নয়নের জন্য শীর্ষস্থানীয় নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে গঠিত ফাউন্ডেশন ফর লার্নিং, টিচিং অ্যান্ড রিসার্চের (এফএলটিআর) উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান এ কথা বলেন।
অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা প্রতিদিন কিছু না কিছু নিজে থেকেই শিখি। সেগুলো কোনও শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয় না। শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া। সবাইকে নিজের জন্য শিখতে হয়। আমরা ম্যারিটাইম ইউনিভার্সিটি, ফ্যাশন টেকনোলজি ইউনিভার্সিটির মতো আরও প্রতিষ্ঠান তৈরি করব। জেনারেল এডুকেশন রাখব, স্কিল এডুকেশনে জোর দেব। আমি এফএলটিআরকে এজন্য ধন্যবাদ জানাই যে তারা ইউজিসির জন্য অপেক্ষা না করে স্বেচ্ছায় এই সংগঠনকে দাঁড় করানোর উদ্যোগ নিয়েছে।’
অধ্যাপক আব্দুল মান্নান আরও বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিন চার কোটি শিক্ষার্থীর কাছে ছত্রিশ কোটি বই বিনামূল্যে পৌঁছে দেওয়া একটি রেকর্ড। চলতি বছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) আড়াইশ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে কেবল তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে। আমাদের কাছে ফান্ড আছে, যথেষ্ট ফান্ড আছে। কিন্তু খরচ করার জায়গা নেই বলে আমাদের প্রতিনিয়ত ভাবতে হয় এবং নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে হয়।’
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য ও এফএলটিআরের সেক্রেটারি প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির। তিনি এফএলটিআরের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা সবার সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি ইউজিসির কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইউনিটের প্রধান প্রফেসর মেসবাহউদ্দিন আহমেদ ও ব্রিটিশ কাউন্সিলের উপ-পরিচালক জিম স্কারথ। অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ইমরান রহমান। তিনি অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
প্রাথমিক উদ্যোগ হিসেবে এফএলটিআর সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষকদের জন্য আগামী ৫ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী সার্টিফিকেট ফর টিচিং অ্যান্ড অ্যাকটিভ লার্নিং কোর্সের মাধ্যমে শুরু করতে যাচ্ছে। ফাউন্ডেশনের নতুন কমিটির সদস্যরা হলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর জামিলুর রেজা চৌধুরী (চেয়ারপার্সন), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সৈয়দ সাদ আনদালিব (ভাইস-চেয়ারপার্সন), আইইউবির উপাচার্য প্রফেসর এম ওমর রহমান (ভাইস-চেয়ারপার্সন), ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আব্দুর রব (ট্রেজারার), গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির (সেক্রেটারি), ইউআইইউ উপাচার্য প্রফেসর এম রিজওয়ান খান (সদস্য), ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ইমরান রহমান (সদস্য), এইউএসটির উপাচার্য প্রফেসর এ এম এম শফিউল্লাহ (সদস্য), ডিআইইউর উপাচার্য প্রফেসর ইউসুফ মাহবুবুল ইসলাম (সদস্য)।
/টিআর/








