প্রশ্নপত্র আনা-নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘প্রশ্ন আনা-নেওয়ার কাজে ব্যবহৃত গাড়ি যেন কালো কাচের না হয়। গাড়ির কাচ স্বচ্ছ হতে হবে, যেন বাইরে থেকেই সব কিছু দেখা যায়।’ রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহাবুবুর রহমান, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এস এ মাহমুদ ও কলেজের অধ্যক্ষ কানিজ ফাতেমা আকতার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ এপ্রিল (রবিবার) থেকে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন ও ছাত্রী ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন।
এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৯ লাখ ৮২ হাজার ৭৮৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯৯ হাজার ৩২০ জন, কারিগরি বোর্ডের শিক্ষার্থী সংখ্যা ৯৬ হাজার ৯১৪ জন ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৬৬৯ জন।
/এসএমএ/এমএনএইচ/








