দেশের বাস্তবতা ও জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফিসহ নব ধরনের শিক্ষা ব্যয় একটি নির্ধারিত সীমায় রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ২০তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘উচ্চ শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো দক্ষ মানবসম্পদ সৃষ্টি। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে বহুমাত্রিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার জন্য যথোপযুক্ত পরিকল্পনা বিশ্ববিদ্যালয়গুলোর থাকতে হবে। বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও তথ্য বিপ্লবের সুযোগ নিতে করে শিক্ষার্থীদের যুগোপযোগী মানবসম্পদে পরিণত করতে হবে।’
উচ্চ শিক্ষার মানোন্নয়ন সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘উচ্চ শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে উচ্চশিক্ষা কমিশন আইন তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উচ্চশিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সংসদে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন পাস হয়েছে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘দেশ যখন উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একদল স্বাধীনতাবিরোধীরা উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করার জন্য ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে এদেশের মেধাবী শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমে ঠেলে দিচ্ছে। জঙ্গি কার্যক্রমে জড়িয়ে শিক্ষার্থীদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের কু-মন্ত্রণায় প্ররোচিত হয়ে বেশকিছু তরুণ মেধাবী শিক্ষার্থী ইতোমধ্যে বিপথগামী হয়েছে।
সমাবর্তনে ২ হাজার ৬৪২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। শিক্ষামন্ত্রী কৃতি শিক্ষার্থীদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিথি উইনথার। সমাবর্তনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ।
/এসএমএ/এমএনএইচ/








