ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নির্বাচনের জন্য গঠিত প্যানেলকে সোমবার অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নতুন করে ৬ মাসের মধ্যে ঢাবিতে সিনেট গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেছেন, ‘হাইকোর্টের আদেশের কপি হাতে পাওয়ার পরই কর্মপদ্ধতি ঠিক করা হবে।’
ঢাবি উপাচার্য সোমবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাইকোর্ট আদেশের কপিটি আগে হাতে পাই। সেখানে কী কী নির্দেশনা আছে, তা দেখি। আইনজীবীদের সঙ্গে কথা বলি। এরপর আমাদের কর্মপদ্ধতি ঠিক করব।’
কিন্তু ৭৩ সালের অধ্যাদেশ যথাযথভাবে মেনে উপাচার্য প্যানেল গঠন করার সম্ভব কিনা, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আদালতের যে অনুশাসন, যে পর্যবেক্ষণ, সেটা যথাযথভাবে পালন করতে হবে। আদালতের আদেশ লঙ্ঘন করা যাবে না। নিয়ম-নীতির মধ্যে থাকতে হবে। কোনও ষড়যন্ত্রকে পাত্তা দেওয়া যাবে না। তবে যাই করা হোক কেন, আইন মেনেই করা হবে।’
উল্লেখ্য, উপাচার্য প্যানেল নির্বাচন সংক্রান্ত ঢাবির রেজিস্ট্রারের দেওয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৬ জুলাই হাইকোর্টে রিট করা হয়। তারা রিটে যুক্তি তুলে ধরে বলা হয়, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের অনেক প্রতিনিধির পদ খালি। সিনেটের প্রতিনিধি হিসেবে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের পদ পূরণ না করে সিনেট সভা ডেকে উপাচার্য-প্যানেল মনোনয়ন করা ঠিক হয়নি। পরে ২৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েটসহ মোট ১৫ জনের করা ওই রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। একইসঙ্গে সিনেট সভার ওপর স্থগিতাদেশ দেন আদালত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ ১৯৭৩ সালের ২০(১) ধারা অনুযায়ী সিনেট গঠন না করে ২৯ জুলাই ডাকা সভাটি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল করে। এরপর ২৬ জুলাই হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ ৩০ জুলাই পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত।
এরপর ছাত্র-শিক্ষকদের আপত্তি ও অসন্তোষের পরও ২৯ জুলাই সিনেটের বিশেষ সভাটি যথারীতি অনুষ্ঠিত হয়। ওই সভায় তিন সদস্যের ভিসি-প্যানেল মনোনীত করা হয়।
এই তিনজন সদস্য হলেন সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন এবং বিজ্ঞান অনুষদের ডিন ও নীল দলের আহ্বায়ক আবদুল আজিজ।
৩০ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য ওঠে। ওই দিন রিটকারী পক্ষ ৩ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত সময় নেন। সে অনুযায়ী বৃহস্পতিবার আবেদনটি ফের শুনানিতে ওঠে। ওইদিন আপিল বিভাগ তিন সদস্যের ভিসি-প্যানেলের পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। একইসঙ্গে ২৯ জুলাইয়ের সিনেট বৈঠক নিয়ে হাইকোর্টের জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতেও নির্দেশ দেন আপিল বিভাগ।
সে মোতাবেক ২১ আগস্ট থেকে এ রুল শুনানি শুরু হয়। গত রবিবার রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন।
এদিকে উপাচার্য হিসাবে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় ০৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেন রাষ্ট্রপতি।








