সদ্য নিয়োগপ্রাপ্ত তিন জন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তারা হলেন-ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
ইউজিসি মিলানয়াতনে সোমবার (৯ জুলাই) প্রথমবারের মতো এ সম্মাননার আয়োজন করে ইউজিসি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী তিন জাতীয় অধ্যাপককে জ্ঞানের বাতিঘর উল্লেখ করে বলেন, ‘তাদের জ্ঞান ও দক্ষতায় দেশ এবং জাতি আলোকিত হয়েছে। তারা তিন জন জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন, আমরা তাদেরকে নিয়ে গর্ব করি।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানের সূতিকাগার। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার গুণগতমান নিশ্চিত করা। শিক্ষার উৎকর্ষতা সাধনে ও নতুন জ্ঞান সৃজনে গবেষণায় বরাদ্দ বাড়ানো হয়েছে।’
সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম ইউজিসিকে ধন্যবাদ জানান। রফিকুল ইসলাম বলেন, ‘স্কুলজীবন থেকে বিভিন্ন পর্যায়ে যেসব শিক্ষকের কাছে শিখেছি আজ তাদের কথা বেশি মনে পড়ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কথা বেশি মনে পড়ছে। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি তাতে আমার শিক্ষকদের অবদানই বেশি।’
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ম্যাট্রিক পাসের আগেই বাংলায় পড়ে শিক্ষকতা করার বিষয়টি নির্ধারণ করেছিলাম। আমি দেশকে যা দিয়েছি দেশ আমাকে তার চেয়ে বেশি ফিরিয়ে দিয়েছে। আমি যে সম্মান পেলাম তা মাথায় তুলে নিলাম। এটা বয়ে বেড়ানো খুব কঠিন তবুও চেষ্টা করবো।’
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘দেশের বাইরে কাজের সুযোগ পেয়েও দেশ ছাড়িনি। দেশ আমাকে যা দিয়েছে, দেশের জন্য কাজ করে যে তৃপ্তি পাই; তা অন্য দেশে পেতাম না। দেশের জন্য আজীবন কাজ করে যেতে চাই।’
সভাপতির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদদের গুরুত্ব ও মর্যাদা উপলব্ধি করে ইউজিসি তিন জন জাতীয় অধ্যাপককে যে সম্মান প্রদর্শন করেছে— তা অনুসরণীয়। দেশের বিভিন্ন সংকটে জাতিকে ঠিক দিক-নির্দেশনা দিয়েছেন এই শিক্ষাবিদরাই। দেশ ও জাতির কল্যাণে গুণীজনদের যথাযথ সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব বলে মনে করেন।’
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি শিক্ষা সচিব মো. সোরহাব হোসাইন, ইউজিসি সদস্য প্রফেসর ড.মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. এম শাহ্ নেওয়াজ আলি ও প্রফেসর ড. মো. আখতার হোসেন। ইউজিসি সচিব ড. মো. খালেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসির সাবেক চেয়ারম্যান ও সদস্যরা, শিক্ষামন্ত্রণালয় ও ইউজিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯ জুন সরকার দেশের বরেণ্য এই তিন শিক্ষাবিদকে আগামী পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়।








