কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীদের গ্রেফতার এবং ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারাদেশে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের দেওয়া কর্মসূচি প্রত্যাহারের করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নূরুল হক নূর এ ঘোষণা দেন।
সমাবেশ থেকে আন্দোলনকারীরা তিন দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- গ্রেফতারদের অবিলম্বে মুক্তি দিতে হবে, দ্রুত সময়ের মধ্যে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে ও হামলাকারীদের বিচার করতে হবে।
এসময় তারা রাজধানীর রমিজ উদ্দীন কলেজের নিহত দুই জন শিক্ষার্থীর প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। একইসঙ্গে বাস চালকদের বিচার দাবি করেন।
এর আগে আন্দোলনকারীরা সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি, সূর্যসেন হল, মুহসীন হল, ভিসি চত্বর, রোকেয়া হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমি সামনের রাস্তা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন।








