বৃত্তিমূলক শিক্ষাকে কেবল কারিগরি ধারার শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘এজন্য সব শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার সুযোগ ও পরিধি বাড়ানো হবে। কারিগরি শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে।’ বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, ‘কেবল প্রচলিত সাধারণ শিক্ষার মাধ্যমে দেশের সবার কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয়, তাই প্রতিটি সাধারণ ধারার বিদ্যালয়ে কমপক্ষে দু’টি বৃত্তিমূলক ট্রেড চালু করা হবে। কারিগরি শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তাদের জন্য নানা ধরনের কার্যক্রম নেওয়া হবে।’
মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘বৃত্তিমূলক ও কারিগরি দক্ষতাকে বৈশ্বিক পরিমণ্ডলে কাজে লাগাতে বিদেশি ভাষায় পারদর্শিতা অর্জনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কার্যক্রম নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের প্রচেষ্টায় কারিগরি শিক্ষায় অংশগ্রহণ ১৭ শতাংশে উন্নীত হয়েছে। এক্ষেত্রে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের আরও যত্নবান হতে হবে।’
সেমিনারে আগত বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের ফলে কারিগরি শিক্ষায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান উপমন্ত্রী।








