ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ২৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার ও মেরামত কাজের জন্য ৩ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা ছাড় করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বুধবার (১০ জুন) স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশটি বৃহস্পতিবার (১১জুন) প্রকাশ করা হয়।
সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটিকে নিবিড়ভাবে কাজ তদারকির নির্দেশনা দেওয়া হয়।
চলতি ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় ১৬৫ কোটি টাকা থেকে তালিকা অনুযায়ী আম্পানে ক্ষতিগ্রস্ত এই টাকা বরাদ্দ ও মঞ্জুরি দেওয়া হয় আদেশে।
এই অর্থ বরাদ্দের শর্তে বলা হয়, সরকারি বিধিবিধান মেনে ব্যয় করতে হবে। ভবন ও স্থাপনা সংস্কার ও মেরামতে এই অর্থ ব্যয় করতে হবে। আগামী ৩০ জুনের মধ্যে সংস্কার ও মেরামত কাজে ব্যয় সম্পন্ন করতে হবে। নিবিড় তদারকির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত ভাবে সংস্কার ও মেরামত কাজ শেষ করতে হবে।








