সাধারণ ছুটি চলাকালীন সময়ে অর্ধেক শিক্ষক দিয়ে পরিচালিত হতো শিক্ষাপ্রতিষ্ঠান। তবে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন কার্যকর হচ্ছে। এসময় স্কুলে যেতে হবে কিনা এ বিষয়ে সংশয়ে ছিলেন মাঠ পর্যায়ের শিক্ষকরা।
তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লকডাউনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকবেন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা-বাড়ির বাইরে যাবেন না। শিক্ষার্থীরাও বাড়িতে অবস্থান করবে। এসময় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বন্ধ রাখতে হবে।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকার ঘোষিত লকডাউন চলাকালে শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকবেন। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে না। এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন।’
এর আগে বিকালে সরকার ঘোষিত লক-ডাউনে সোমবার (৫ এপ্রিল) থেকে ১১ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বন্ধ রাখার নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
আদেশ বাস্তবায়নে উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, সোমবার (৫ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত ষষ্ট শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, করোনার ঊর্ধ্বগতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির সময় শিক্ষক-কর্মচারীদের ৫০ শতাংশ পর্যায়ক্রমে বিদ্যালয়ে যাবেন। ’
তবে সরকার ঘোষিত লকডাউনের সময় শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বিরত থাকার নির্দেশনা দিলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।









