স্বামীর সঙ্গে বিদেশে সাক্ষাৎ করতে ৮৮ দিনের ছুটি নিয়ে বিনা অনুমতিতে আড়াই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত এক কলেজ শিক্ষিকা। এ ঘটনায় রাজধানী সরকারি বাংলা কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের ওই প্রভাষক আফরিনা হাসেমের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৭ জুন) প্রভাষক আফরিনা হাসেমকে কারণ দর্শানোর নোটিশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নোটিশে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়েছে।
নোটিশে জানানো হয়, ২০১৮ সালের ১৫ মে’র অফিস আদেশে স্বামীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশে ২০১৮ সালের ১ জুন থেকে ওই বছরের ২৭ আগস্ট মোট ৮৮ দিনের ছুটি নেন তিনি। ছুটি নিয়ে আফরিনা হাসেম কানাডায় যান। ছুটি শেষে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর কর্মস্থলে যোগদানের বাধ্যবাধকতা থাকলেও সোমবার (৭ জুন) পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত তিনি।
নোটিশে ওই শিক্ষককে জানানো হয়, দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে এই কার্যকলাপ সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি পরিপন্থী এবং ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার বিধি ৩(খ) ও ৩ (গ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে ওই শিক্ষককে অভিযুক্ত করা হয়।
এই অভিযোগে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়। আত্মপক্ষ সমর্থনে কোনও ব্যক্তিগত শুনানি ওই শিক্ষক চান কিনা তাও জানাতে বলা হয় নোটিশে।









